ট্রাস্টিকে দায়ী করল তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কল্যাণ অংশীদারত্ব তহবিলের ২৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনার ঘটনায় কোম্পানির ট্রাস্টিকে দায়ী করেছে তদন্ত কমিটি। কোম্পানির একজন উপমহাব্যবস্থাপকের নেতৃত্বে চারজন নিয়ে এই ট্রাস্টি গঠিত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তদন্ত কমিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবেদন দাখিল করে।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সূত্র জানায়, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস বিপণনের চারটি কোম্পানিসহ একাধিক কোম্পানির শেয়ার কেনা হয় যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কল্যাণ অংশীদারত্ব তহবিলের টাকা দিয়ে। বেশি লাভের আশায় নিয়ম-নীতি উপেক্ষা করে এসব শেয়ার কেনা হয়। গত বছর শেয়ারবাজার পড়তির দিকে ছিল। জুন মাসে শেয়ার কেনার পর তা আরও অনেক কমে যায়। বিষয়টি জানাজানি হলে কোম্পানির কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। বিনিয়োগের এখতিয়ার নিয়েও প্রশ্ন ওঠে। ব্যাপক সমালোচনার মুখে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গত ৫ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির প্রধান ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (আবাসিক) মো. আইয়ুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করেছি। কিন্তু সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস থেকে বিও হিসাবের লেনদেনের তথ্য এনে জানতে পেরেছি যে গত ৩১ জানুয়ারি পর্যন্ত কল্যাণ তহবিলের চার কোটি টাকার বেশি ক্ষতি ছিল। অর্থাৎ শেয়ারবাজারে বিনিয়োগের পর ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আর কোম্পানির কল্যাণ তহবিলের টাকা দিয়ে শেয়ার কেনাও সমীচীন হয়নি। এ জন্য কোম্পানির শ্রমিককল্যাণ অংশীদারত্ব তহবিলের তদারককারী কর্তৃপক্ষ তথা ট্রাস্টিকে দায়ী করে আমরা প্রতিবেদন দাখিল করেছি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।’ তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) নাজমুল হক ও উপমহাব্যবস্থাপক (নিরীক্ষণ) খসরু আজাদ।
যমুনা অয়েল কোম্পানি সূত্র জানায়, কোম্পানির শ্রমিক-কল্যাণ অংশীদারত্ব তহবিল পরিচালনার জন্য চার সদস্যের ট্রাস্টি গঠন রয়েছে। ট্রাস্টির প্রধান কোম্পানির উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) হাবিবুল মুহিত। অন্য তিন সদস্য হলেন কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক মো. মাসুদুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী কাজী মো. ফিরোজ উদ্দিন ও সহকারী মো. সেকান্দর। তদন্ত কমিটি চারজনকেই দায়ী করেছে।
ট্রাস্টির প্রধান ও উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) হাবিবুল মুহিত কোম্পানির কর্মচারীদের পদোন্নতি ও বদলির কার্যক্রমে এখনো সম্পৃক্ত রয়েছেন। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদন নিয়ে আইনজীবীর সঙ্গে বসে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
প্রসঙ্গত, কোম্পানির শ্রম আইনের ২৪০ ধারার ১১ উপধারায় বলা আছে, ‘আইসিবি মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট, আইসিবি ইউনিট সার্টিফিকেট, প্রতিরক্ষা, ডাক সঞ্চয়পত্রসহ সরকারি ঋণপত্র এবং এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো ঋণপত্রে বিনিয়োগ করা যাবে।’ ৩ উপধারায় আরও বলা হয়, ‘কোম্পানির ব্যবসা পরিচালনার কাজে নিয়োজিত অংশগ্রহণ তহবিলের কোনো অর্থের ওপর, কোম্পানির ব্যাংক হারের আড়াই শতাংশ অধিক হারে অথবা এর সাধারণ শেয়ারের জন্য ঘোষিত মুনাফার হারের ৭৫ শতাংশ, যা অধিক হবে, সুদ প্রদান করবে।’ কিন্তু শেয়ারবাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগের ব্যাপারে শ্রম আইন বা বিধিতে কিছুই বলা হয়নি। অথচ কোম্পানির ট্রাস্টি বোর্ডের সদস্যরা আইন লঙ্ঘন করে শেয়ারবাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করেছেন।