ডরিন পাওয়ারের চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার শেয়ারবাজারে চমক দেখিয়েছে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার। লভ্যাংশ ও শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) ঘোষণায় এ দিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ২২ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক সময়ে এক দিনে কোনো কোম্পানির শেয়ারের দামে এতটা উল্লম্ফন দেখা যায়নি বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
চলতি বছরের এপ্রিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ। গত ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সঙ্গে বছর শেষের ও জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের ইপিএসও প্রকাশ করা হয়েছে। তাতেই গতকাল কোম্পানিটির শেয়ারের দামে উল্লম্ফন ঘটে। এ দিন কোম্পানিটি ডিএসইতে লেনদেনেরও শীর্ষে উঠে আসে।
নিয়ম অনুযায়ী, সাধারণত তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের দাম এক দিনে ১০ শতাংশের বেশি বাড়তে পারেনি। কারণ শেয়ারের মূল্যবৃদ্ধির ওপর সীমা আরোপিত (সার্কিট ব্রেকার) থাকে। তবে কোনো কোম্পানির প্রাতিষ্ঠানিক (করপোরেট) ঘোষণা প্রকাশের দিনে ওই কোম্পানির শেয়ারের দামের ওপর কোনো ধরনের সীমা থাকে না। সেই হিসাবে গতকাল ডরিন পাওয়ারের দামের ওপরও কোনো ধরনের সীমা আরোপিত ছিল না। এ কারণে এক দিনে ২২ শতাংশ দাম বেড়েছে কোম্পানিটির শেয়ারের।
ডিএসইর তথ্য অনুযায়ী, লভ্যাংশ ঘোষণাকে কেন্দ্র করে ১৬ অক্টোবর থেকে কোম্পানিটির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী ছিল। ১৬ অক্টোবর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৭০ টাকা। পাঁচ কার্যদিবসের ব্যবধানে গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৬০ পয়সায়। এর মধ্যে গতকাল এক দিনেই বেড়েছে ১৭ টাকা ৬০ পয়সা।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লভ্যাংশের চেয়ে প্রথম প্রান্তিকের ইপিএসের কারণে কোম্পানিটির শেয়ারের দামে গতকাল বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। অতি সম্প্রতি অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে তা দেখা যায়নি।
ডরিন পাওয়ার গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের যে আয়ের হিসাব প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, উল্লিখিত সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল মাত্র ৩৬ পয়সা।
তালিকাভুক্ত এক কোম্পানির শেয়ারের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটলেও সার্বিকভাবে গতকাল শেয়ারবাজারের সূচকে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে মাত্র ১ পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৩ পয়েন্টে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬৬ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৭ কোটিতে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, সার্বিকভাবে বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। তবে কোম্পানি ভেদে কিছু কোম্পানির দামের হেরফের হয়েছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল ডরিন পাওয়ার। এ দিন কোম্পানিটির প্রায় ৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আইটি কনসালট্যান্টের শেয়ার লেনদেন হয় প্রায় ১৬ কোটি টাকার।