ডরিনকে হটিয়ে শীর্ষে ফরচুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনের ব্যাপক উল্লম্ফনে শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে আসা ডরিন পাওয়ারকে গতকাল সোমবার পেছনে ফেলেছে নতুন তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। সপ্তাহের প্রথম কার্যদিবসে গত রোববার লেনদেনের শীর্ষস্থানটি দখলে ছিল ডরিন পাওয়ারের।
ডিএসইর তথ্য অনুযায়ী, রোববার এক দিনে ডরিন পাওয়ারের প্রতিটি শেয়ারের দাম ১৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ২২ শতাংশ বেড়ে লেনদেনের শীর্ষস্থানটি দখল করে নিয়েছিল। সেখানে গতকাল প্রতিটি শেয়ারের প্রায় ৯ শতাংশ দাম হারিয়ে শীর্ষে জায়গা করে নেয় ফরচুন সুজ।
২০ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ফরচুন সুজ। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি করা হয়েছিল। লেনদেন শুরুর প্রথম দিনে সেই ১০ টাকার শেয়ারের সর্বোচ্চ দাম ওঠে ৬০ টাকায়। এরপর থেকে প্রতিদিন একটু একটু করে কোম্পানিটির শেয়ারের দাম কমতে থাকে। গতকাল এসে এক দিনে প্রতিটি শেয়ারের দাম ৫ টাকা কমে নেমে এসেছে ৫১ টাকাতে। তা সত্ত্বেও গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। এদিন ডিএসইতে এককভাবে ফরচুন সুজের প্রায় ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ফরচুন সুজের যে শেয়ার বরাদ্দ পেয়েছিল তার ২৫ শতাংশ শেয়ারের ওপর থেকে আজ বিক্রির নিষেধাজ্ঞা (লগইন) উঠে গেছে। ফলে ওই সব শেয়ারের একটি অংশ বিক্রি হয় গতকাল। আর তাতে বিক্রির চাপ বাড়ায় কোম্পানিটির শেয়ারের দরপতন ঘটেছে।
এদিকে লেনদেনে দ্বিতীয় অবস্থানে নেমে এলেও ডরিন পাওয়ারের শেয়ারের দরবৃদ্ধির ধারা গতকাল অব্যাহত ছিল। মূলত লভ্যাংশ ঘোষণা ও আয়ের হিসাব প্রকাশকে কেন্দ্র করেই বাজারে এটির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়। গতকাল ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩ টাকা ৯০ পয়সা বা প্রায় ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০১ টাকায়। চলতি বছরের এপ্রিলে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
তালিকাভুক্তির পর গতকাল দিন শেষে প্রথমবারের মতো ডরিন পাওয়ারের শেয়ারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ার বিক্রি হয়েছিল ২৯ টাকায়। গতকাল দিন শেষে বাজারে সেটির দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এদিন ডিএসইতে কোম্পানিটির ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। রোববার লেনদেন হয়েছিল ৫২ কোটি টাকার শেয়ার। রোববার কোম্পানিটির ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ও প্রথম প্রান্তিকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস প্রকাশ করা হয়েছিল।
এদিকে ডিএসইতে লেনদেন আবারও ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। গতকাল দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি টাকা বেশি। গত ২৯ সেপ্টেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। সর্বশেষ ২৯ সেপ্টেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৬৮২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
তবে লেনদেন কমেছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। গতকাল সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম। দুই বাজারে সূচকের খুব বেশি হেরফের হয়নি।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকালের বাজারে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর (বিএটি) ৯৯ কোটি টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৫ শতাংশ। গতকালের ব্লক মার্কেটের এ লেনদেন বাজারের মোট লেনদেন বৃদ্ধিতে সহায়তা করেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ব্লক মার্কেটে বিএটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২ হাজার ৬০০ টাকা। আর মূল বাজারে গতকাল দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২ হাজার ৫৯০ টাকা।