ডিএসই টাওয়ার নিয়ে জটিলতা কাটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় নির্মিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বহুতল টাওয়ার l ফাইল ছবি
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় নির্মিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বহুতল টাওয়ার l ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আধুনিক ও সুবিশাল ‘ডিএসই টাওয়ার’ নিয়ে জটিলতা কাটছে না। মালিকানা দ্বন্দ্বের অবসানের পর এখন নিকুঞ্জ ভবনের ভাড়া ও সেবা মাশুল নির্ধারণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় (হোটেল লা-মেরিডিয়ানসংলগ্ন) ১৩তলা এই ভবনটির কাজ প্রায় শেষ পর্যায়ে। শুরুতে সদস্যদের মাঝে এ ভবনের বিভিন্ন আয়তনের জায়গা নামমাত্র মূল্যে হস্তান্তরের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল। পরে ২০১৩ সালে ডিএসইর মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) করতে গিয়ে ভবনটির মালিকানা সদস্যদের মধ্যে ভাগ-বাঁটোয়ারার উদ্যোগটি আইনগতভাবে বাতিল হয়ে যায়।
ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচির (স্কিম) দলিলে ডিএসইর ভবন ও জায়গা সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে, ডিএসইর মালিকানাধীন কোনো ভবন ও জায়গার ওপর সংস্থাটির সদস্য বা অন্য কারও মালিকানা-সংক্রান্ত আইনগত কোনো অধিকার নেই। ডিমিউচুয়ালাইজেশন দলিলের এই ঘোষণাবলে নিকুঞ্জ ভবনের মালিকানার ভাগ-বাঁটোয়ারা বাতিল হয়ে যায়। যদিও ডিমিউচুয়ালাইজেশনের আগে ভবনটির বিভিন্ন আয়তনের জায়গা (স্পেস) সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। ওই সময় প্রভাবশালী সদস্যদের মধ্যে বেশি জায়গা বণ্টন করায় তা নিয়ে অনেক সদস্যের মধ্যে ক্ষোভ ছিল।

বণ্টন করা সেই জায়গার ‘ভাড়া ও সেবা মাশুল’ নিয়ে এখন নতুন জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ নিকুঞ্জ ভবনের প্রতি বর্গফুটের জন্য ১০০ টাকা ভাড়া ও ৫০ টাকা সেবা মাশুল নির্ধারণ করে। পরে গত ২৭ জুলাই ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সদস্যদের চিঠির মাধ্যমে তা জানিয়ে দেয়। ওই চিঠি পাওয়ার পর আপত্তি তোলেন বেশ কয়েকজন প্রভাবশালী সদস্য। তাঁদের বিরোধিতা ও আপত্তির মুখে গত সপ্তাহে চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়।

ডিএসইর প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সামিউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ১৫ আগস্টের মধ্যে বরাদ্দ প্রাপ্ত সদস্যদের ডিএসইর বরাবর জবাব দিতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে কোনো জবাব না দিলে বরাদ্দ বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে সদস্যরা ডিএসইর তহবিলে যে অর্থ জমা করেছেন বাজারমূল্যে হিসাব করে তা ফেরত দিয়ে দেওয়া হবে।

এদিকে ভাড়াভিত্তিক বন্দোবস্তের কারণে ভবনটিতে জায়গা বরাদ্দপ্রাপ্ত সদস্যদের অনেকে সেখানে যাওয়ার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। গত কয়েক দিনে বরাদ্দপ্রাপ্ত ডিএসইর সদস্যভুক্ত প্রায় ১০টি প্রতিষ্ঠানের (ব্রোকারেজ হাউস নামে অধিক পরিচিত) মালিকের সঙ্গে কথা বলে এ অনাগ্রহের বিষয়টি জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্রোকারেজ হাউসের মালিক প্রথম আলোকে বলেন, একসময় মালিকানার বিষয়টি ছিল বলে সবাই ওই ভবনে জায়গা নেওয়ার বিষয়ে আগ্রহী ছিলেন। সে জন্য টাকা জমা দিয়েছিলেন। কিন্তু এখন যেহেতু মালিকানা পাওয়ার সুযোগ নেই, তাই ভাড়ার বিনিময়ে ওই ভবনে যাওয়ার বিষয়ে সবার আগ্রহ নেই। তার মধ্যে ডিএসই যে ভাড়া ও সেবা মাশুল প্রস্তাব করেছে, তাতে আগ্রহ আরও কমে যাবে।

ভাড়া ও সেবা মাশুল পুনর্নির্ধারণসহ এ বিষয়ে মতামত জানতে আজ বৃহস্পতিবার সব ব্রোকারেজ হাউসের মালিক ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

অ্যাসোসিয়েশনের পরিচালক মোস্তাক আহমেদ সাদেক প্রথম আলোকে বলেন, ভাড়া ও মাশুল-সংক্রান্ত যে চিঠি ডিএসইর পক্ষ থেকে দেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। এখন নিকুঞ্জ ভবনের বিষয়ে সদস্যদের মতামত জানতে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, স্টক এক্সচেঞ্জের নিজস্ব ভবন করার জন্য সরকারের কাছ থেকে নিকুঞ্জের ওই জায়গা বরাদ্দ নেওয়া হয়েছিল। সদস্যদের টাকায় সেখানে ভবন নির্মাণের কাজ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, সদস্যদের মধ্যে যাঁরা শেষ পর্যন্ত আগ্রহী সেই হিসাব পাওয়ার পর ভবনটির বাকি জায়গা ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে একটি ভাড়া ঠিক করা হলেও তা নিয়ে অনেকের আপত্তি রয়েছে।

ডিমিউচুয়ালাইজেশনের সময় ডিএসইর বিভিন্ন সম্পদের যে তালিকা ও সম্পদমূল্য তৈরি করা হয়েছে, তাতে নিকুঞ্জ ভবনটির (জমিসহ) নির্মাণকাজ শেষে দাম দেখানো হয়েছে প্রায় ১ হাজার ২৫ কোটি টাকা।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগের তৎকালীন শাসনামলে সরকারের কাছ থেকে মাত্র ৪ কোটি টাকায় রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় (বিমানবন্দর সড়কের পাশে) চার বিঘা জমি বরাদ্দ পায় ডিএসই। পরে ২০০৮ সালে সেখানে বহুতল ভবন তৈরির কাজ শুরু হয়। গাড়ি পার্কিংয়ের তিনটি বেসমেন্টসহ ভবনটিতে প্রায় ৬ লাখ ৪৭ হাজার বর্গফুট জায়গা রয়েছে।

ভবন তৈরির উদ্যোগের শুরুতে ‘৫০০ ও ১ হাজার বর্গফুট’—এই দুই শ্রেণিতে কে কত জায়গা বরাদ্দ নিতে চান, তার ভিত্তিতে সদস্যদের কাছ থেকে মাসিক কিস্তিতে অর্থ সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫০০ বর্গফুটের জন্য এক লাখ টাকা এবং তার অতিরিক্ত ৫০০ বর্গফুটের জন্য সাড়ে সাত লাখ টাকা করে নেওয়া হয় বলে ডিএসইর সংশ্লিষ্ট একাধিক নথি থেকে জানা গেছে। অর্থাৎ যেসব সদস্য এক হাজার বর্গফুটের জায়গার জন্য আবেদন করেছেন তাঁদের প্রত্যেককে সাড়ে আট লাখ টাকা করে দিতে হয়েছে।