বাজেটের আগে দেওয়া প্রস্তাব এবার বাজেট পাসের আগে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কারণ, সংস্থাটির পক্ষ থেকে যেসব প্রস্তাব বাজেটের আগে দেওয়া হয়েছিল, তার বেশির ভাগই ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি।
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে পুরোনো সেই প্রস্তাবগুলোই আবার পুনর্বিবেচনার দাবি জানায় ডিএসই। ঢাকার মতিঝিলে ডিএসইর কার্যালয়ে গতকাল রোববার সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থাটির সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক শাকিল রিজভীসহ অন্যরা।
ডিএসইর পক্ষ থেকে যেসব প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে স্টক এক্সচেঞ্জকে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা দেওয়া, ট্রেকহোল্ডার বা ব্রোকারেজ হাউসের উৎসে কর কমানো, সাধারণ বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকায় নেওয়া, স্টক এক্সচেঞ্জের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি প্রত্যাহার ও তালিকাভুক্ত কোম্পানির আয় বছরের সংজ্ঞা পরিবর্তন করা।
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষও বাজেট চূড়ান্ত হওয়ার আগে সুস্পষ্ট প্রণোদনা ঘোষণার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, পুঁজিবাজারে এখন ক্রান্তিকাল চলছে। বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য নীতি-সহায়তাসহ বিশেষ প্রণোদনা দরকার। সংস্থাটির ঢাকা কার্যালয়ে গতকাল বেলা আড়াইটার দিকে আয়োজিত আলাদা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার।
বাজেটের আগে সিএসইর পক্ষ থেকেও যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, ঘোষিত বাজেটে তার প্রতিফলন না ঘটায় সেসব প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সিএসইর পক্ষ থেকে বলা হয়, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে পুঁজিবাজারকে কাজে লাগানো খুবই জরুরি। বাংলাদেশে বর্তমানে কয়েক লাখ লিমিটেড কোম্পানি থাকলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা মাত্র কয়েক শ। তাই পুঁজিবাজারের সম্প্রসারণ ও বাজারের মাধ্যমে মূলধন সংগ্রহের লক্ষ্যে বাজেট-কাঠামোর আওতায় স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা দরকার।
বাজেটের আগে সিএসইর পক্ষ থেকেও পাঁচ বছরের কর অবকাশ সুবিধা, তালিকাভুক্ত কোম্পানির আয় বছর অভিন্ন করার বিধান শিথিল করাসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়েছিল। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গত বৃহস্পতিবার ঘোষিত বাজেটে এসব প্রস্তাব ঠাঁই পায়নি।
বাজার পরিস্থিতি: এদিকে নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পর গতকাল প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারেই মূল্যসূচক কমেছে। একই সঙ্গে দুই বাজারে লেনদেনও কমেছে।
ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩০৮ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১৮৬ কোটি টাকা কম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচকটি এদিন ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৭ পয়েন্টে। সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম।
দুই বাজারেই এদিন লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে।