ডিএসইতে আবারও হাজার কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ-পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় এক হাজার আট কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর ঢাকার বাজারে এক হাজার ১০১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ছুটি-পরবর্তী প্রথম কার্যদিবসে গত রোববার ডিএসইতে ৯১৫ কোটি টাকার লেনদেন হয়। সেই হিসাবে গতকাল লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা বেড়েছে।
সাপ্তাহিক, ঈদ ও দুর্গাপূজার ছুটি মিলিয়ে ৩ থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট নয় দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। রোববার থেকে ছুটি-পরবর্তী লেনদেন শুরু হয়েছে। এদিকে গতকাল ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালেও বেশির ভাগ শেয়ারের মূল্য সংশোধনের কারণে সূচক কমেছে। এদিন সূচক প্রায় ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩০৯ পয়েন্টে।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টিরই দাম কমেছে, বেড়েছে ১২৮টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ব্যাংক খাতের মূল্য সংশোধনের কারণেই মূলত সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। গতকাল লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে দাম বেড়েছে মাত্র সাতটির। আর কমেছে ১৬টির দাম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কমে দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি টাকায়। সেখানকার বাজারের সার্বিক সূচকটিও ৩৯ পয়েন্ট কমেছে। চট্টগ্রামে লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির দাম কমেছে, বেড়েছে ১০৭টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম।