ডিএসইতে আবারও ২০০ কোটি টাকার কম লেনদেন
টানা দরপতনের মধ্যে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ২০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার এই বাজারে লেনদেন হয়েছে ১৮৫ কোটি টাকা।
চলতি ২০১৫ সালে এখন পর্যন্ত এটিই ঢাকার বাজারে সর্বনিম্ন লেনদেন। লেনদেন কমার পাশাপাশি এদিন ডিএসইতে বড় ধরনের দরপতন ঘটেছে। যে কারণে দিন শেষে এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দেড় শতাংশ বা ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫৫ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক এদিন দেড় শতাংশ বা ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২০৫ পয়েন্টে। দিন শেষে ওই বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি টাকায়। এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারিতে সিএসইতে সর্বনিম্ন প্রায় ১৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।
চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে বেশ কিছুদিন ধরে বাজারে মন্দাভাব চলছে। ঢাকার বাজারে গতকাল ৩০৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৫৬টিরই দাম কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দর কমেছে ২০৫টির।