দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার এক দিনেই চারটি নতুন রেকর্ড হয়েছে। তিন সূচক ও বাজার মূলধনে এ রেকর্ড হয়। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১১৫ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছে। পাশাপাশি বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটি ২ হাজার ১৭৮ এবং শরিয়া সূচক ডিএসইএস ১ হাজার ৩৪৮ পয়েন্টের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আর ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৭ হাজার ৬৫ কোটি টাকায় উঠে নতুন রেকর্ড করেছে।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ও স্ট্যান্ডার্ড সিরামিকের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার বিএসইসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। আর গতকাল তা ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের অবগত করা হয়।
এদিকে আগের দিনের কিছুটা মূল্য সংশোধনের পর গতকাল আবারও সূচক বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে। তবে দুই বাজারেই এদিন লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে প্রায় ৪৬ পয়েন্ট বেড়েছে। মূলত ব্যাংকসহ বড় মূলধনি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে সূচকের এ উত্থান ঘটেছে। গতকাল দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ১৪৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২২৬ কোটি টাকা কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল দিন শেষে ১৪৪ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।