ডিএসইতে কমলেও লেনদেন বেড়েছে সিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনের নিম্নগতি দিয়ে গতকাল বৃহস্পতিবার সপ্তাহের লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ারবাজারে। এই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৭৩ কোটি টাকা। গত দেড় মাসের মধ্যে এটিই ডিএসইর সর্বনিম্ন লেনদেন।
এর আগে সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর ঢাকার বাজারে সর্বনিম্ন ৫২২ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর গত বুধবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭২৩ কোটি টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ঢাকার বাজারে লেনদেন প্রায় ১৫০ কোটি টাকা কমে গেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত দুই দিনই ৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। গতকাল সেখানে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫১ কোটি টাকা। গত বুধ ও বৃহস্পতিবার সিএসইর আয়োজনে ইন্টারনেট ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়। এর প্রভাবে সিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে বলে ধারণা করছেন ওই বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৫৪ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০৩ প্রতিষ্ঠানের মধ্যে ১১৮টির দাম বেড়েছে, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত ছিল ৪৬টির দাম।
চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ২২১টি প্রতিষ্ঠানের মধ্যে ৬২টির দাম বেড়েছে, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত ছিল ২৫ টির দাম। সেখানকার বাজারের সার্বিক সূচক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১৬ পয়েন্টে।