ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক কমেছে। ডিএসইতে গতকাল মঙ্গলবার ৯৩২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। অর্থাৎ এক দিনে এ বাজারে লেনদেন কমেছে ১৮৭ কোটি ৫২ লাখ টাকা।
তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৬২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের ৫২ কোটি টাকা থেকে ১০ কোটি টাকা বেশি।
ডিএসই ও সিএসইতে অবশ্য মূল্যসূচক কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৭৬ পয়েন্টে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে কমেছে ১৭৫টির, বেড়েছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার দর।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে বেক্সিমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, স্কয়ার ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, ইফাদ অটোস, অ্যাপোলো ইস্পাত, কেয়া কসমেটিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, লাফার্জ সুরমা সিমেন্ট ও সিএমসি কামাল।
দর বাড়ার শীর্ষ ১০টি কোম্পানি হচ্ছে এমারেল্ড অয়েল, ড্যাফোডিল কম্পিউটার, গোল্ডেন সন, ইস্টার্ন লুব্রিকেন্টস, দেশ গার্মেন্টস, কেয়া কসমেটিস, হামিদ ফেব্রিকস, বেক্সিমকো লি., ইনটেক অনলাইন ও মিথুন নিটিং।
অন্যদিকে সিএসইতে গতকাল লেনদেন হয় ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।