ডিএসইতে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
আবারও ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। গতকাল মঙ্গলবারের নিম্নমুখী প্রবণতার পর আজ বুধবার দুই স্টক এক্সচেঞ্জেই ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এমনকি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছয় মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।
ডিএসইতে আজ ৬৩৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিন মঙ্গলবারের চেয়ে ৮৪ কোটি টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৫৫৪ কোটি টাকার লেনদেন হয়। এ দিকে ডিএসইর আজকের এই লেনদেন ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৭ নভেম্বর ডিএসইতে ৬৯১ কোটি টাকার লেনদেন হয়।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি অব্যাহত দরপতনে ডিএসইর প্রধান সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে যায়। পরে নড়েচড়ে বসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজার নিয়ে ইতিবাচক মনোভাব আসে সরকারের উচ্চ পর্যায় থেকে। বাজারে পতন ঠেকাতে বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ৪ মে জরুরি বৈঠকে বসে বিএসইসি। তাতে বাজারের পতন রোধে প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। এর ফলে সূচকের টানা পতন থামে। আর তাতে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও কিছুটা আস্থা ফিরতে শুরু করে। যার ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া সঞ্চয়পত্রে সুদের হার কমানোর কারণে শেয়ারবাজারে অর্থের সরবরাহ বাড়তে পারে বলেও মনে করছেন তাঁরা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪২ পয়েন্টে।
অপর স্টক এক্সচেঞ্জ সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪০২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১ টির দাম বেড়েছে। কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে সিএসইতে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪ টির দাম বেড়েছে। কমেছে ৯৮ টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ প্রায় ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি। আগের দিন এই বাজারে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। আজ প্রতিষ্ঠানটির ৩৯ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেশিন শিপইয়ার্ড, এনবিএল, এমজেএল বিডি, কেপিসিএল, বিএসসিসিএল, বেক্সিমকো, ইফাদ অটোস, সাইফ পাওয়ারটেক, আরএকে সিরামিকস প্রভৃতি।