ডিএসইতে জানুয়ারি মাসে ২২৮ কোটি টাকার বিদেশি বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ২২৮ কোটি টাকার প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের মাস অর্থাৎ ২০১৪ সালের ডিসেম্বরের চেয়ে প্রায় ১২ কোটি টাকা বেশি। ডিএসই সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ডিসেম্বরে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ২১৬ কোটি টাকা।
তবে গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে বিদেশি বিনিয়োগ বাড়লেও তা আগের বছরের একই সময়ের চেয়ে কম। ২০১৪ সালের জানুয়ারিতে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২৭৮ কোটি টাকা। সেই হিসাবে আগের বছরের একই সময়ের চেয়ে ডিএসইতে গত মাসে বিদেশি বিনিয়োগ প্রায় ৫০ কোটি টাকা কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে প্রায় ৫০২ কোটি টাকার বিদেশি লেনদেন হয়েছে। তার মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৩৬৫ কোটি টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন প্রায় ১৩৭ কোটি টাকার শেয়ার। জানুয়ারি মাসজুড়ে চলতে থাকা এই ক্রয়-বিক্রয়ের যোগ-বিয়োগের মাধ্যমে মাস শেষে প্রকৃত বিদেশি বিনিয়োগ দাঁড়িয়েছে ২২৮ কোটিতে।
চলতি অর্থবছরের (২০১৪-১৫) সাত মাসের (জুলাই- জানুয়ারি) তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সাত মাসের মধ্যে ঢাকার বাজারে গত মাসেই দ্বিতীয় সর্বোচ্চ প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে। গত সেপ্টেম্বরে ডিএসইতে সর্বোচ্চ ৪২৬ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছিল।
এ ছাড়া চলতি অর্থবছরের বাকি পাঁচ মাসের মধ্যে জুলাইয়ে ৮০ কোটি, আগস্টে ১২ কোটি ৪৫ লাখ, অক্টোবরে প্রায় ২০৮ কোটি, নভেম্বরে ১৮৩ কোটি এবং ডিসেম্বরে ২১৬ কোটি টাকার প্রকৃত বিদেশি বিনিয়োগ হয়েছে।