ডিএসইতে দুই ঘণ্টায় ২৭৭ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। এর আগে একাধিকবার ওঠানামা করে সূচক।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক গতকালের অবস্থানের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১৮২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক বাড়ে ২৫ পয়েন্ট। তবে বেলা ১১টা ১০ মিনিটে সূচক কমেছিল ১১ পয়েন্ট। এরপর আবারও ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৩টির দাম বেড়েছে। কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার, এমজেএল বিডি, আইডিএলসি, কেপিসিএল, আরএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, সাইফ পাওয়ারটেক, ফার কেমিক্যাল, যমুনা অয়েল প্রভৃতি।