ডিএসইতে দুই ঘণ্টায় ৪৬৮ কোটি টাকার লেনদেন
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২৮৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২০টির দাম বেড়েছে। কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৪৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার, কেপিসিএল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, ফ্যামিলি টেক্স, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, জেনারেশন নেক্সট ফ্যাশন প্রভৃতি।