দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও সাড়ে তিন শ কোটিতে নেমে এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫০ কোটি টাকা। গত প্রায় দুই মাসের ব্যবধানে এটিই ঢাকার বাজারে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৫ জুনের পর ডিএসইতে ৩৪৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিকে, লেনদেন কমার পাশাপাশি সূচকও কমেছে শেয়ারবাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭৯১ পয়েন্টে। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল দিন শেষে ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৬৬৯ পয়েন্টে।
বাজারসংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে বিশ্ব পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটে। তার রেশ ধরে যাতে দেশের শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সে জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আইসিবি বেশ সক্রিয় ভূমিকা রেখেছে। কিন্তু বিশ্ববাজারের পতনে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ভীতি তৈরি হয়। তার প্রভাবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমে গেছে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে একধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। বড় ধরনের পতনও নেই, উত্থানও নেই। এ অবস্থায় নতুন করে বড় ধরনের কোনো বিনিয়োগ বাজারে আসছে না। আবার যেসব বিনিয়োগ রয়েছে সেগুলোরও খুব বেশি নড়াচড়া নেই। তাই লেনদেনের পরিমাণ কমে গেছে।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার ঘোষণাকে কেন্দ্র করে বাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানি তিতাস গ্যাসের লেনদেন ও শেয়ারের দাম বেড়েছে। গত তিন কার্যদিবসে তিতাসের প্রতিটি শেয়ারের দাম প্রায় সাড়ে তিন টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকায়। গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল তিতাস গ্যাস। এদিন কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ঢাকার বাজারে রোববার ৩১৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৬টিরই দাম কমেছে, বেড়েছে ১০৪টির আর অপরিবর্তিত ছিল ৪৪টির দাম।
চট্টগ্রামের বাজারে এদিন ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টিরই দাম কমেছে, বেড়েছে ৬৩টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।