ডিএসইতে নভেম্বরে প্রকৃত বিদেশি বিনিয়োগ কমেছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত নভেম্বরে প্রকৃত বিদেশি বিনিয়োগ আগের মাসের চেয়ে কিছুটা কমেছে। তবে লেনদেনের পরিমাণ আগের মাসের চেয়ে বেড়েছে। নভেম্বর শেষে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮৩ কোটি টাকা। অক্টোবরে যার পরিমাণ ছিল ১৯৬ কোটি টাকা।
যোগ-বিয়োগের হিসাবে প্রকৃত বিনিয়োগ কমলেও নভেম্বর মাসে বিদেশিদের শেয়ার কেনাবেচা উভয়ই বেড়েছে। অর্থাৎ অক্টোবরের চেয়ে নভেম্বরে বিদেশিরা বেশি শেয়ার যেমন কিনেছেন, তেমনি বিক্রির পরিমাণও ছিল বেশি। নভেম্বর মাসজুড়ে বাজারে মন্দাভাব ছিল।
ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নভেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাজারে ৫১৪ কোটি টাকার শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে প্রায় ৩৪৮ কোটি টাকার শেয়ার কিনেছেন তাঁরা। আর একই সময়ে বিক্রি করেছেন প্রায় ১৬৫ কোটি টাকার শেয়ার।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ডিএসইতে ৪১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর মধ্যে প্রায় ৩০৩ কোটি টাকার শেয়ার কিনেছেন তাঁরা। আর একই সময়ে বিক্রি করেছে ১০৭ কোটি টাকার শেয়ার।