ডিএসইতে প্রায় সাড়ে চার শ কোটি টাকার লেনদেন
আবারও সাড়ে চার শ কোটি টাকার ঘরে উঠেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। গত ৪ জুন বাজেট ঘোষণার পর এ লেনদেন কমে গত সোমবার নেমে এসেছিল প্রায় তিন শ কোটি টাকার ঘরে। সেখান থেকে গতকাল বুধবার দিনশেষে ডিএসইর লেনদেন দাঁড়ায় ৪৪৭ কোটি টাকা। বাজেট ঘোষণার আগে ১ জুন এ লেনদেন হাজার কোটিতে উঠেছিল।
লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় চার হাজার ৫২৭ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকটি ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৯২৩ পয়েন্টে। ডিএসইর মতো সিএসইতেও গতকাল লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনশেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।
ঢাকার বাজারে এদিন ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত ছিল ৪৭টির। সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৪৩টির দাম বেড়েছে, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
এদিকে, গতকাল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ নামের বস্ত্র খাতের আরও একটি কোম্পানির। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২৬ টাকায় বিক্রি হয়েছিল কোম্পানিটির প্রতিটি শেয়ার। লেনদেনের প্রথম দিনে ৩৭ শতাংশ বা ৯ টাকা ৭০ পয়সা বেড়ে ডিএসইতে প্রায় ৬৬ লাখ ৪৩ হাজার শেয়ারের হাতবদল হয়। আর সিএসইতে হাতবদল হয় প্রায় ১৭ লাখ শেয়ারের। আইপিওতে কোম্পানি ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজারের বেশি শেয়ার ছেড়েছিল। অভিহিত মূল্য বা ফেস ভ্যালু ছিল ১০ টাকা। শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়াম দেওয়া হয় ১৬ টাকা। প্রথম দিনেই ডিএসইতে লেনদেনের শীর্ষস্থানে থাকে তসরিফা।