ডিএসইতে বছরের সর্বোচ্চ ৮০০ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের শেয়ারবাজারে লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও ৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮০৯ কোটি টাকা। চলতি বছর ও গত ছয় মাসের মধ্যে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ২০১৪ সালের ১২ নভেম্বর প্রায় ৮৪৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স মঙ্গলবার ৫১ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে। গত ৪ এপ্রিল ডিএসইর এ সূচকটির অবস্থান ছিল ৩ হাজার ৯৬০ পয়েন্ট। এরপর ১০ কার্যদিবসের ব্যবধানে ডিএসইএক্স বেড়ে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে পৌঁছেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ১৬৭ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪৬ পয়েন্টে। দিন শেষে লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৯ কোটি টাকা।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মূসা বলেন, কিছুদিন আগে বাজারে নেতিবাচক যে প্রবণতা ছিল, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তা অনেকটাই কেটে গেছে। রাজনৈতিক অস্থিরতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে সংশয় ছিল, সেই পরিবেশেরও উন্নতি হয়েছে। সব মিলিয়ে যেসব বিনিয়োগকারী বাজার থেকে নিজেদের সাময়িকভাবে দূরে সরিয়ে রেখেছিলেন, তাঁরা আবারও সক্রিয় হয়েছেন। এর ফলে লেনদেন ও সূচক দুটোই বাড়ছে বাজারে।
মোহাম্মদ মূসা আরও বলেন, ‘যেহেতু যৌক্তিক কারণ ছাড়াই অনেক কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক কমে গিয়েছিল, তাই একশ্রেণির বিনিয়োগকারীর মধ্যে বিনিয়োগের আগ্রহ তৈরি হয়। তবে আমাদের বাজারের বড় দুর্বলতার দিক হলো যখন শেয়ারের দাম কমতে থাকে, তখন বাছবিচার ছাড়াই সব শেয়ারের দাম কমে যায়। আবার বাড়তে থাকলেও সবগুলোর দাম বাড়ে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যথাযথ অংশগ্রহণের অভাবেও এ ধরনের আচরণ ঘটছে।’
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ব্যাংকের আমানতের সুদের হার অনেক কমে গেছে। পাশাপাশি সঞ্চয়পত্রের সুদের হারও কমানো হয়েছে। ফলে কিছু অর্থ এখন শেয়ারবাজারে আসছে। অনেকের ধারণা, বর্তমানে তালিকাভুক্ত অনেক কোম্পানির শেয়ারের দাম যে পর্যায়ে রয়েছে, তাতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে ব্যাংক বা সঞ্চয়পত্রের সুদের চেয়েও বেশি মুনাফা পাওয়া যাবে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার-সংক্রান্ত প্রতিবেদনেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, মুনাফা বা সুদ আয় কমে যাওয়ায় অর্থবাজার থেকে কিছু কিছু অর্থ শেয়ারবাজারে স্থানান্তর হচ্ছে।
এদিকে ঢাকার বাজারে গতকাল ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৩টিরই দাম বেড়েছে, কমেছে ৭৪টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৫৫ কোটি টাকা বেড়েছে।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার। গতকাল এককভাবে কোম্পানিটির প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর বাইরে এদিন লেনদেনের শীর্ষ দশের তালিকায় ছিল যথাক্রমে খুলনা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল, আরএকে সিরামিকস, বারাকা পাওয়ার, বিডি থাই, মবিল যমুনা লুব্রিকেন্টস, সাইফ পাওয়ারটেক, ইউনিক হোটেল ও ইউনাইটেড এয়ার।
চট্টগ্রামের বাজারে মঙ্গলবার ২৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৫টিরই দাম বেড়েছে, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেড়েছে।