ডিএসইতে বড় উত্থান, দেড় ঘণ্টায় সূচক বেড়েছে ৮১ পয়েন্ট
সূচকের বড় উত্থান দেখা যাচ্ছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস প্রথম দেড় ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ওই সময় পর্যন্ত সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯৬ পয়েন্ট।
ডিএসইতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনেই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। হয়েছে ১ হাজার ১৬২ কোটি টাকার লেনদেন। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৫৪টির, অপরিবর্তিত আছে ৫৪টির দর। গত কার্যদিবস ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৮ কোটি টাকা।
ওই সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো নর্দান ইনস্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, আইএফআইসি, বেক্সিমকো, প্রাইম ব্যাংক, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ওয়ান ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।
অপর দিকে সিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৩০ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৯৬টির, অপরিবর্তিত আছে ৩৩টির দর।