ডিএসইতে লেনদেন আবার ৪০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও চার শ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪১৯ কোটি টাকা। আট কার্যদিবস পর এটিই ঢাকার বাজারের সর্বোচ্চ লেনদেন।
এর আগে সর্বশেষ ২২ এপ্রিল ঢাকার বাজারে প্রায় ৫২৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর (গতকাল বাদে) লেনদেন নেমে আসে চার শ কোটি টাকার নিচে।
লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকের ইতিবাচক ধারাও গতকাল অব্যাহত ছিল। টানা দরপতনের ধারা থেকে বের হয়ে এ নিয়ে তিন দিন দেশের শেয়ারবাজারে সূচক বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ১২২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৯৪ পয়েন্টে।
এদিকে নতুন ও পুরোনো তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দামের ওঠানামার সীমা বা সার্কিট ব্রেকারে পরিবর্তনের সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। গত বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সভায় এ সার্কিট ব্রেকারের পরিবর্তনসংক্রান্ত সিদ্ধান্ত হয়। তাতে নতুন তালিকাভুক্ত কোম্পানির বেলায় লেনদেন শুরুর তৃতীয় দিন থেকে দামের ওঠানামার ওপর সীমা আরোপের সিদ্ধান্ত হয়। বর্তমানে নতুন তালিকাভুক্ত কোম্পানির বেলায় লেনদেন শুরুর প্রথম পাঁচ দিন ওই শেয়ারের দামের ওপর কোনো ধরনের সার্কিট ব্রেকার থাকে না।
এ ছাড়া পুরোনো কোম্পানির সার্কিট ব্রেকারের হিসাবের বেলায় টাকার অঙ্ক বাদ দিয়ে শুধু শতকরা হার বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বিএসইসির নেওয়া এসব সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তাঁদের কাছে গতকাল বিকেল পর্যন্ত কোনো নির্দেশনা পৌঁছায়নি। ফলে পুরোনো নিয়মেই সার্কিট ব্রেকারের হিসাব করা হচ্ছে।
এদিকে ঢাকার বাজারে গতকাল ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৩টিরই দাম বেড়েছে, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত ছিল ৪২টির দাম। চট্টগ্রামের বাজারে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬টিরই দাম বেড়েছে, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম।