ডিএসইতে লেনদেন আবার ৫০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির পর দ্বিতীয় কার্যদিবসে এসে গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতি ফিরেছে। এদিন ডিএসইতে লেনদেন ৫৪০ কোটি টাকা ছাড়িয়েছে। গত ২৩ আগস্টের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। ওই দিন এ বাজারে ৫৮৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা নয় দিন দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ছুটি-পরবর্তী স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে গত রোববার।

বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিনিয়োগকারীর অংশগ্রহণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় এর ইতিবাচক প্রভাব পড়েছে লেনদেনে। তবে বেশির ভাগ কোম্পানির দরপতন ঘটায় সূচক তেমন একটা বাড়েনি। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র ২ পয়েন্ট।

ডিএসইতে গতকাল আগের দিনের চেয়ে লেনদেন বাড়লেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। সিএসইতে দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা কম।

ঈদের ছুটি-পরবর্তী প্রথম কার্যদিবসে রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট। ওই দিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম আড়াই শতাংশ বেড়েছিল। কিন্তু গতকাল লেনদেনে এ কোম্পানিটি নেমে আসে দ্বিতীয় অবস্থানে। প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ১০ পয়সা বা প্রায় আড়াই শতাংশ কমে নেমে এসেছে ৮০ টাকায়।

বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও লাফার্জ সুরমা সিমেন্টের সঙ্গে একই খাতের হোলসিম সিমেন্টের একীভূত হওয়ার বিষয়টি এগিয়েছে বলে খবর ছড়িয়ে পড়ায় এর শেয়ারের প্রতি রোববার বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে গিয়েছিল। কিন্তু এ দেশে একীভূত হওয়ার বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কিছু না জানানোর কারণে এক দিনের মধ্যেই আবার দরপতন ঘটে।

ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে একমি ল্যাবরেটরিজ। কোম্পানিটির প্রায় ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ঢাকার বাজারে এদিন ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ২২৫ কোটি টাকা বেড়েছে।

সিএসইর সার্বিক সূচকটি গতকাল মাত্র ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৮ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।