ডিএসইতে লেনদেন আবারও তিন শ কোটির নিচে
দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও তিন শ কোটির নিচে নেমে এসেছে।
ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেন কমে নেমে এসেছে প্রায় ২৮৭ কোটি টাকায়। এর আগে সর্বশেষ গত ১৩ ডিসেম্বর ডিএসইতে সর্বনিম্ন ২৭৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে লেনদেন কমলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কয়েক লাখ টাকা বেড়েছে। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স টানা সাত দিন পর গতকাল সাত পয়েন্ট বেড়েছে। আর সিএসইর সার্বিক সূচকটি এদিন প্রায় ১৩ পয়েন্ট কমে গেছে।
আইডিএলসি ইনভেস্টমেন্টসের হিসাবে, এদিন বড় মূলধনি কোম্পানিগুলোর মধ্যে লাফার্জ সুরমা সিমেন্টের প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ২ টাকা ৬০ পয়সা বা ৩ দশমিক ৪০ শতাংশ কমেছে। এ ছাড়া ডেসকো ও আইসিবির প্রতিটি শেয়ারের দরপতন ঘটেছে প্রায় ২ শতাংশ করে।
ডিএসইর তথ্য অনুযায়ী, লাফার্জ সুরমার পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি টাকার বেশি। আর ডেসকো প্রায় ৩৭৯ ও আইসিবি ৬৩৩ কোটি টাকার মূলধনের কোম্পানি। সূচকের উত্থান-পতনে এসব কোম্পানির প্রভাব রয়েছে।
দরপতনের ধারা অব্যাহত রয়েছে নতুন তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইলেরও। গতকালও কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ১০ পয়সা বা ৯ শতাংশ কমে নেমে এসেছে ২১ টাকায়। গত সোমবার দেশের দুই শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়। আর লেনদেন হয়েছে তিন কার্যদিবস। তাতে প্রাথমিক গণপ্রস্তাব আইপিও দামের চেয়ে চার টাকা নিচে নেমে গেছে এটির বাজারমূল্য। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২৫ টাকা।