ডিএসইতে লেনদেন আবারও ৬০০ কোটি টাকার নিচে নামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিনের বড় দরপতনের পর গতকাল সোমবারও দেশের শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এদিন ৬০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৪৪ পয়েন্টে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ১০৯ পয়েন্ট বা ২ শতাংশ কমেছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক গতকাল ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ৮৯৪ পয়েন্টে। সেখানকার বাজারে রোববার এ সূচকটি ৩১৯ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমেছিল।
ঢাকার বাজারে গতকাল সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হলেও সেটি খুব বেশি সময় স্থায়ী ছিল না। সাড়ে ১০টায় লেনদেন শুরুর ৩০ মিনিটের মধ্যে সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বাড়লেও এক ঘণ্টার ব্যবধানে তা আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট নিচে নেমে আসে। এরপর কয়েক দফা ওঠানামার পর সূচকের নিম্নগতি নিয়েই লেনদেন শেষ হয়।
গত রোববার বড় দরপতনের দিনে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৮৭ কোটি টাকা। গতকাল তা কমে দাঁড়িয়েছে প্রায় ৫৯৭ কোটি টাকায়। অর্থাৎ আগের দিনের চেয়ে ডিএসইতে ৯০ কোটি টাকা লেনদেন কমেছে। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর ডিএসইতে ৬০০ কোটি টাকার কম লেনদেন হয়েছিল। প্রায় দেড় মাসের ব্যবধানে গতকাল লেনদেন আবারও ৬০০ কোটি টাকার নিচে নেমেছে।