দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৬৯ কোটি টাকা। এটি চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত বুধবারের ৬৩৮ কোটি টাকার লেনদেনই ছিল এ বাজারে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বরের পর আবারও ঢাকার বাজারে লেনদেন সাড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। সর্বশেষ গত বছরের ১৭ নভেম্বর ঢাকার বাজারে প্রায় ৬৯১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
এদিকে লেনদেন বাড়লেও গতকাল সূচক কমেছে শেয়ারবাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৩১৪ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৯ পয়েন্টে। সূচকের পাশাপাশি চট্টগ্রামের বাজারে লেনদেনও কমেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দিনের দরবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। এতে করে বিক্রির চাপ বেড়ে গেলে সূচকের পতন ঘটে। তাই এটিকে স্বাভাবিক মূল্য সংশোধন বলেই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ডিএসইতে গতকাল ২৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১৬৯টিরই দাম কমেছে, বেড়েছে ১০৫টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। ঢাকার বাজারে এদিন লেনদেন আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেড়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ঢাকার বাজারে পর পর দুদিন ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হলো।
সিএসইতে গতকাল ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টিরই দাম কমেছে, বেড়েছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। দিন শেষে গতকাল চট্টগ্রামের বাজারে ৫৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। বুধবার সিএসইতে প্রায় ৫৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। গতকাল কোম্পানিটির ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর বাইরে লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে এসিআই ফরমুলেশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেপিসিএল, এসিআই, বেক্সিমকো, মবিল যমুনা লুব্রিকেন্টস, ইফাদ অটোস, বারাকা পাওয়ার, বিএসসিসিএল।