ডিএসইতে লেনদেন আবারও ৮০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ কার্যদিবসের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবারও ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮০৭ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ২৩ জুন ঢাকার বাজারে ৮০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬১ কোটি টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবারের ধারাবাহিকতায় গতকাল সিএসইতে লেনদেন ৬০ কোটি টাকা ছাড়ায়।
লেনদেনের পাশাপাশি দুই বাজারে সূচকও খানিকটা বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০২ পয়েন্টে। গত ২৩ জুলাইয়ের পর ডিএসইএক্স আবারও ৪ হাজার ৮০০ পয়েন্টের ওপরে পৌঁছেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা ডিএসইর সূচকের ৪ হাজার ৮০০ পয়েন্টে অবস্থানকে ‘মনস্তাত্ত্বিক সীমা’ হিসেবে অভিহিত করছেন।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণার পর গতকালই ডিএসইএক্স সর্বোচ্চ অবস্থানে উঠেছে। গত ৩০ জুলাই বাংলাদেশ ব্যাংক এই মুদ্রানীতি ঘোষণা করে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির ষাণ্মাসিক আর্থিক প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করা হয়েছে। তাতে অনেক কোম্পানির আয় বেড়েছে, আবার কিছু কোম্পানির আয় কমেছে। কোম্পানিগুলোর আয়-ব্যয়ের প্রকাশিত এ তথ্যের প্রভাব দেখা যাচ্ছে কোম্পানিগুলোর শেয়ারের দামের ওপরও।
ঢাকার বাজারে গতকাল ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৯টিরই দাম কমেছে, বেড়েছে ১৪১টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম। দিন শেষে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে ১৭৭ কোটি টাকা বেড়েছে।
চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ২৬১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত ছিল ২৮টির দাম।