ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন সূচক বাড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৬ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে হয় ৪৫৬৩ পয়েন্ট। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে হয় ৪৫৫৭ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন হয় ৪২৫ কোটি ২৭ লাখ টাকা, যা গত দিনের চেয়ে সাড়ে ৫৫ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৮০ কোটি ৯৮ লাখ টাকা।

ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, বাজার বেশ কিছুদিন ধরে বেশ শিথিল। মাঝেমধ্যে ‘প্রফিট টেকিং’ বা মুনাফা তুলে নেন বিনিয়োগকারীরা। তখন সূচক কিছুটা পড়তে দেখা যায়। তবে বাজারে কোনো ‘প্যানিক সেল’ হচ্ছে না। পারিপার্শ্বিক অবস্থায় বাজার প্রভাবিত হচ্ছে না, যা খুবই ইতিবাচক।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সিঙ্গার বিডি, ইসলামী ব্যাংক লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আজ ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৭টির। অপরিবর্তিত আছে ৪৯টির দাম।

সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ৩৮ দশমিক ০৮ পয়েন্ট। গত কার্যদিবসে সার্বিক সূচক বাড়ে ১৬ দশমিক শূন্য ৮৫ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকা, যা গত দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেন হয় ২৬ কোটি ৭৫ লাখ টাকা।

আজ হাতবদল হওয়া ২৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০৩টির, অপরিবর্তিত আছে ৩৪টির।