ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটি টাকার ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের পতনের পর গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। তবে লেনদেন কমে নেমে এসেছে ৫০০ কোটি টাকার ঘরে।
দিন শেষে গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫০৫ কোটি টাকা। গত প্রায় দেড় মাসের ব্যবধানে এটি ঢাকার বাজারে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর ডিএসইতে প্রায় ৫০৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন কমে নেমে এসেছে ৩৪ কোটি টাকায়। গত প্রায় আড়াই মাসের ব্যবধানে এটিই সিএসইতে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ১৩ আগস্ট চট্টগ্রামের বাজারে প্রায় সাড়ে ৩৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
লেনদেনের নিম্নগতির মধ্যে সোমবার ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৫৭ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪টিরই দাম বেড়েছে, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ৩৩টির দাম।
চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৮৪ পয়েন্টে। সেখানকার বাজারে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টিরই দাম বেড়েছে, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক দিনের দরপতনের ফলে বিনিয়োগকারীদের একটি অংশ বিনিয়োগের পরিবর্তে বাজার পর্যবেক্ষণ করছে। এর ফলে লেনদেন কমে গেছে।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাজারে যখন গতি থাকে তখন বিনিয়োগকারীদের মধ্যে কেনাবেচার আগ্রহও বেশি থাকে। গতিশীল বাজারে একটি শেয়ার বিক্রি করে সেই টাকায় অন্য কোম্পানির শেয়ার কেনা বা নেটিং সুবিধাটি বেশি কাজে লাগান বিনিয়োগকারীরা। কিন্তু পড়তি বাজারে নেটিং সুবিধাটি কিছুটা কম পাওয়া যায়। কারণ, লাভে না থাকলে বিনিয়োগকারীরা সাধারণত একটি শেয়ার বিক্রি করে অন্য শেয়ার কেনা বা নেটিং সুবিধা নিতে চান না। এ জন্যই মূলত লেনদেন কমে যায় পড়তি বাজারে।’