দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দিন শেষে ডিএসইতে প্রায় ৭১১ কোটি টাকার লেনদেন হয়েছে।
গত বছরের ১৬ নভেম্বরের পর ও চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ১৬ নভেম্বর ডিএসইতে প্রায় ৭৫৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। আগের সপ্তাহের শেষ দুই দিন বুধ ও বৃহস্পতিবার এই বাজারে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে; যা গতকাল ৭০০ কোটি ছাড়িয়ে গেছে।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল প্রায় ১০৩ কোটি টাকার লেনদেন হয়েছে। প্রায় ১৭ মাসের মধ্যে এটিই এ বাজারে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ ২০১৩ সালের ২৩ ডিসেম্বর সিএসইতে ১৬০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
কয়েক দিন ধরে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। তারই ধারাবাহিকতায় দুই বাজারে লেনদেন বেড়েছে। বাজারের বর্তমান ধারাকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, সাম্প্রতিক ঊর্ধ্বগতির কারণে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ প্রতিদিনই বাড়ছে। নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারীও সক্রিয় হয়েছেন। আবার নতুন কিছু বিনিয়োগও আসতে শুরু করেছে।
জানতে চাইলে সিএসইর সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, টানা দরপতনে সূচক একটি পর্যায়ে নেমে যাওয়ার পর সেখান থেকে কিছুটা ঘুরতে শুরু করেছে। অনেক শেয়ারের দাম এমন পর্যায়ে নেমে গিয়েছিল যে তাতে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হয়েছেন। অনেকে মনে করছেন, দাম এর চেয়ে আর খুব বেশি নিচে নামার সুযোগ নেই। ফলে বাজারে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সক্রিয় রয়েছে। অর্থাৎ এ মুহূর্তে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে।
ফখরুদ্দিন আলী আহমেদ আরও বলেন, বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীর অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় লেনদেনে গতি ফিরেছে। তবে লেনদেন বাড়লেও দুই বাজারে গতকাল সূচকের খুব বেশি হেরফের হয়নি। ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স এদিন মাত্র ১ পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৩১৬ পয়েন্ট।
চট্টগ্রামের বাজারের সার্বিক সূচকটি গতকাল ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪০ পয়েন্টে।