ডিএসইতে লেনদেন ছাড়াল ৭৫০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেন সাড়ে সাত শ কোটি টাকা ছাড়িয়েছে।
ডিএসইতে এদিন লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৫৪ কোটি টাকা। এটি চলতি বছরের এবং গত ছয় মাসের মধ্যে ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ১২ নভেম্বর এ বাজারে সর্বোচ্চ ৮৪৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল প্রায় ৭১১ কোটি টাকার।
লেনদেনের পাশাপাশি গতকাল ডিএসইতে সূচকেরও বড় ধরনের উত্থান ঘটেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১ পয়েন্ট বা ২ শতাংশের বেশি বেড়েছে। এর ফলে দিন শেষে ডিএসইএক্স আবারও ৪ হাজার ৪০০ পয়েন্ট ছাড়িয়েছে।
দিন শেষে ডিএসইএক্স বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৭ পয়েন্টে। গত প্রায় দেড় মাসের ব্যবধানে এটিই সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ৫ এপ্রিল ঢাকার বাজারের প্রধান সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৪৩১ পয়েন্ট। সেখান থেকে টানা দরপতনের ফলে একপর্যায়ে তা ৪ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। এরপর অবশ্য সূচক আবার ঘুরে দাঁড়ায় এবং বেশ কয়েক দিন ধরে বেড়ে চলেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ২৩৯ পয়েন্ট বা প্রায় পৌনে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৭৯ পয়েন্টে। তবে সেখানকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
বাজার পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও ইকোনমিক রিসার্চ গ্রুপের কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে বাজারের চিত্র পর্যালোচনা করে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীদের একটি অংশ বাজারের উত্থান-পতনে বড় ধরনের ভূমিকা রাখছে। যখনই তাঁরা নিষ্ক্রিয় হয়ে পড়ছেন, তখন বাজারে দরপতন ঘটছে। আবার তাঁরা সক্রিয় হলে বাজারে গতি ফিরছে। বাজারে গতি ফিরতে শুরু করলে তখন অন্যরাও বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠেন। তাতে লেনদেন বাড়ে।
ঢাকার বাজারে গতকাল ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ২৪২টির, কমেছে মাত্র ৫১টির আর অপরিবর্তিত ছিল ১৬টির। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৪৩ কোটি টাকা বেড়েছে। ঢাকার বাজারে এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার। এককভাবে গতকাল কোম্পানিটির প্রায় ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
চট্টগ্রামের বাজারে গতকাল ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ৪৭টির আর অপরিবর্তিত থাকে নয়টির। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬১ কোটি টাকা, যা আগের দিনের ১০৩ কোটি টাকার চেয়ে ৪২ কোটি টাকা কম।
লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় এর পরের অবস্থানে ছিল যথাক্রমে ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেব্ল, বেক্সিমকো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, আরএকে সিরামিকস, এসিআই ফরম্যুলেশন, সাইফ পাওয়ার, এএফসি এগ্রো ও বারাকা পাওয়ার।