ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে দেশের দুই পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বাড়ার পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইতে আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২৬ পয়েন্টে। ঈদের নয় দিন ছুটির পর গতকাল রোববার কার্যক্রম শুরু হয় পুঁজিবাজারে। গতকাল লেনদেন শেষে সূচক বাড়ে ২২ দশমিক ৮৯ পয়েন্ট।
আট কার্যদিবস পর ডিএসইতে আজ লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। আজ মোট লেনদেনের পরিমাণ ৫৪০ কোটি ২৬ লাখ টাকা। গতকালের চেয়ে তা ২২৬ কোটি টাকা বেশি। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ৩১৪ কোটি ৯২ লাখ টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, স্কয়ার ফার্মা লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড, কেডিএস এক্সেসরিজ লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স ও ন্যাশনাল হাউজিং।
আজ ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২১টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৮টির। অপরিবর্তিত আছে ৬৪টির দাম।
সিএসইতে আজ সার্বিক সূচক বেড়েছে ৬ দশমিক ৬৪ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ২৫ লাখ টাকা। গতকালের চেয়ে তা পাঁচ কোটি টাকা কম। গতকাল সিএসইতে মোট লেনদেন হয় ৩৫ কোটি ১৪ লাখ টাকার। আজ হাতবদল হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১০টির, অপরিবর্তিত আছে ২৯টির।