ডিএসইতে লেনদেন বেড়েছে, কমেছে সিএসইতে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের নিম্নগতি লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। আজ লেনদেন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩১৪ পয়েন্টে।
অপর স্টক এক্সচেঞ্জ সিএসইর সার্বিক মূল্যসূচক আজ ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৯ পয়েন্টে।
ডিএসইতে আজ ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৫টির দাম বেড়েছে। কমেছে ১৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৬৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিন বুধবারের চেয়ে ৩১ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৬৩৮ কোটি টাকার লেনদেন হয়। চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দিন ৬০০ কোটির বেশি লেনদেন হলো ডিএসইতে।
অন্যদিকে আজ সিএসইতে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮১টির দাম বেড়েছে, কমেছে ১৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। আগের দিন বুধবার এ বাজারে ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। সম্প্রতি তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি টানা লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে। আজ প্রতিষ্ঠানটির ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই ফর্মুলেশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেপিসিএল, এসিআই, বেক্সিমকো, এমজেএল বিডি, ইফাদ অটোস, বারাকা পাওয়ার, বিএসসিসিএল প্রভৃতি।