ডিএসইতে লেনদেন ৬০০ কোটি ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার আবারও সূচক ও লেনদেন বেড়েছে। আগের দিন মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন কমেছিল।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৬ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা, যা গত ছয় মাস ও এখন পর্যন্ত চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
ডিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৩৮ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ১৭ নভেম্বর ঢাকার বাজারে ৬৯১ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর চলতি বছরের মধ্যে এর আগে ডিএসইতে ৬০০ কোটি টাকার বেশি লেনদেন হয়নি।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সম্প্রতি অব্যাহত দরপতনে ডিএসইর প্রধান সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে যায়। তাতে নড়েচড়ে বসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজার নিয়ে ইতিবাচক মনোভাব আসে সরকারের উচ্চপর্যায় থেকে। বাজারে পতন ঠেকাতে বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ৪ মে জরুরি বৈঠকে বসে বিএসইসি। তাতে বাজারের পতন রোধে প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। এর ফলে সূচকের টানা পতন থামে। আর তাতে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও কিছুটা আস্থা ফিরতে শুরু করে। যার ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া সঞ্চয়পত্রে সুদের হার কমানোর কারণে শেয়ারবাজারে অর্থের সরবরাহ বাড়তে পারে বলেও মনে করছেন তাঁরা।
জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, আসন্ন বাজেটে তালিকাভুক্ত প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ইতিমধ্যে সঞ্চয়পত্রে সুদের হার কমানো হয়েছে। এসব কারণে অনেকে আশান্বিত হয়ে নতুন করে শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। তাতে বাজারে লেনদেন বাড়ছে।
ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর হার কমানো হলে শেয়ারবাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সিএসইর সাবেক এ সভাপতি।
এদিকে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসইতে এদিন ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টির দাম বেড়েছে, কমেছে ১১৫টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০২ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এদিন ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে সিএসইতে প্রায় ৫৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে প্রায় ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে গতকাল লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। গতকাল এককভাবে প্রতিষ্ঠানটির ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।