ডিএসইতে লেনদেনের এক–চতুর্থাংশ তিন কোম্পানির
শেয়ারবাজারে লেনদেনের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সূচকও ইতিবাচক। এর ফলে বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ছে প্রতিদিন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করার পর বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। যার প্রভাব লেনদেন ও সূচকে দেখা যাচ্ছে।
ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বুধবার ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৩৬ কোটি টাকা। এ নিয়ে ঢাকার বাজারে পরপর দুই দিন ১ হাজার ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ডিএসইর গতকালের লেনদেনের ২৫ শতাংশ বা এক-চতুর্থাংশই ছিল তিন কোম্পানির। কোম্পানি তিনটি হলো বেক্সিমকো লিমিটেড, ফরচুন শু ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এ তিনটি কোম্পানিই এদিন লেনদেনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল। কোম্পানি তিনটির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৪৩৫ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের লেনদেনের পরিমাণ ছিল ১৭৭ কোটি টাকা। আর ফরচুন শুর ১৭২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। বিএসসির লেনদেনের পরিমাণ ছিল ৮৬ কোটি টাকা।
লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশই ছিল এ খাতের। মূলত বেক্সিমকো ও বিএসসির লেনদেনের ওপর ভর করেই খাতটি শীর্ষে উঠে এসেছে। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১২ শতাংশ ছিল এ খাতের দখলে।
লেনদেনে বিবিধ ও বস্ত্র খাতের আধিপত্য থাকলেও মূল্যবৃদ্ধির শীর্ষে রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস। কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ বা ১০ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটেছে গতকাল। দিন শেষে এটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায়। এ ছাড়া নতুন তালিকাভুক্ত ইউনিয়ন ইনস্যুরেন্স ছিল মূল্যবৃদ্ধির দ্বিতীয় অবস্থানে। তবে কোম্পানিটির শেয়ারের হাতবদল হয়েছে মাত্র ৭১১টির। যাঁরা কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর শেয়ার পেয়েছেন, তাঁদের প্রায় সবাই শেয়ার বিক্রি না করে হাতে রেখে দিয়েছেন। এ কারণে বাজারে চাহিদার তুলনায় শেয়ারের সরবরাহ কম। তাতে প্রতিদিন সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটছে।