ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
সাত মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৯ কোটি ৪০ লাখ টাকা। এর আগে গেল ২০ জানুয়ারি ৬৬৯ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয় ডিএসইতে। তবে লেনদেন বাড়লেও আগের দিনের তুলনায় কমেছে প্রধান সূচক।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১৪ দশমিক ১৬ পয়েন্ট। অবস্থান করছে ৪৫৬৩ পয়েন্টে। গতকাল ডিএসইএক্স সূচক কমে ১ দশমিক ১৮ পয়েন্ট। ডিএসইতে এ নিয়ে টানা চার কার্যদিবস সূচক কমল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী বলেন, গেল ঈদুল ফিতরের পর থেকে ডিএসইতে সূচক প্রায় ১০০ পয়েন্টের মতো বৃদ্ধি পায়। এ অবস্থায় কিছুটা মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তাই সূচক কিছুটা কমেছে। এটা সাময়িক। বাজার এখন বেশ শিথিল। সূচক কমলেও বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে। আবার লেনদেনও একটু একটু করে বাড়ছে। আজ বেশ ভালো লেনদেন লক্ষ করা গেছে ডিএসইতে। বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছেন।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, মিথুন নিটিং, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেসকো ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
আজ ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির। অপরিবর্তিত ৫৮টির।