ডিএসইতে সূচক ও বাজার মূলধনে নতুন রেকর্ড
নতুন উচ্চতায় উঠেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুটি সূচক ও বাজার মূলধন। গতকাল রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে। ২০১৩ সালের জানুয়ারিতে চালু হওয়ার পর প্রথমবারের মতো এই সূচকটি গতকাল ৬ হাজার ৩০০ পয়েন্ট ছাড়িয়েছে। পাশাপাশি ভালো মৌলভিত্তির বাছাই করা ৩০ কোম্পানির সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচকটিও ২ হাজার ২৯০ পয়েন্টের রেকর্ড উচ্চতায় উঠেছে। আর দিন শেষে ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ২৬ হাজার কোটি টাকার রেকর্ড উচ্চতা ছাড়িয়েছে। সব মিলিয়ে ঢাকার বাজারে গতকাল তিনটি নতুন রেকর্ড হয়েছে।
প্রধান সূচকের রেকর্ড গড়ার এই দিনে ঢাকার বাজারে লেনদেনও আগের কার্যদিবসের চেয়ে সাড়ে ৩১ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনে একক আধিপত্য ছিল লংকাবাংলা ফিন্যান্সের। গতকাল ঢাকার বাজারে এককভাবে ১২০ কোটি টাকার লেনদেন হয়, যা লেনদেনে দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে থাকা চার কোম্পানির সমন্বিত লেনদেনের প্রায় সমপরিমাণ। অর্থাৎ লেনদেনে দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে থাকা চার কোম্পানি মিলিয়ে যে লেনদেন হয়েছে, এককভাবে লংকাবাংলা ফিন্যান্সের লেনদেন ছিল তার সমপরিমাণ।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় মূলধনের কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কারণেই মূলত সূচক বেড়েছে গতকাল। মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারে মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল ওষুধ ও রসায়ন খাত, ব্যাংক, টেলিযোগাযোগ ও প্রকৌশল খাতের কোম্পানিগুলো।
তবে ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল সরকারি মালিকানাধীন কোম্পানি। ডিএসইতে এদিন মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল যথাক্রমে ইস্টার্ন কেব্লস ও ন্যাশনাল টিউবস।
ইস্টার্ন কেবলসের প্রতিটি শেয়ারের দাম গতকাল এক দিনেই ১৭ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে হয়েছে প্রায় ১৯৪ টাকা। আর ন্যাশনাল টিউবসের প্রতিটি শেয়ারের দাম ৯ টাকা ২০ পয়সা বা প্রায় সোয়া ৮ শতাংশ বেড়ে হয়েছে প্রায় ১২১ টাকা। সম্প্রতি কোম্পানি দুটি শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত জুনে সমাপ্ত আর্থিক বছরে শেয়ারধারীদের ১০ শতাংশ করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয় কোম্পানি দুটি। এর মধ্যে ইস্টার্ন ক্যাব্লস ১০ শতাংশ নগদ এবং ন্যাশনাল টিউবস ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। জুনের আর্থিক বছর শেষে দুই কোম্পানি তাদের আয়ের যে তথ্য প্রকাশ করেছে, তাতে ইস্টার্নের শেয়ারপ্রতি আয় বা ইপিএস আগের বছরের চেয়ে কমেছে। তা সত্ত্বেও গত এক মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৫৪ টাকা বেড়েছে। আর ন্যাশনাল টিউবসের প্রতিটি শেয়ারের দাম এক মাসে বেড়েছে ১৫ টাকা।
এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল প্রায় ৯৩ পয়েন্ট বেড়েছে। তবে সেখানকার বাজারে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে ১৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৪৪ কোটি টাকায়।