ব্যাংকের শেয়ারে ভর করে দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার সূচক ও লেনদেনের আরও খানিকটা উন্নতি ঘটেছে। আর তাতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ও বাজার মূলধনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯১ পয়েন্টে। এতে নতুন করে রেকর্ড উচ্চতায় উঠেছে সূচকটি। ২০১৩ সালের জানুয়ারিতে চালু হওয়ার পর ডিএসইএক্স সূচকের অবস্থানটি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
ডিএসইর বাজার মূলধনও গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার কোটি টাকার বেশি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড, ট্রেজারি ও করপোরেট বন্ড এবং ডিবেঞ্চারের সর্বশেষ বাজারমূল্যকে সব কোম্পানির মোট শেয়ার, মিউচুয়াল ফান্ডের ইউনিট, ডিবেঞ্চার, ট্রেজারি ও করপোরেট বন্ড সংখ্যা দিয়ে গুণ করে এ বাজার মূলধন হিসাব করা হয়। তাই বেশির ভাগ কোম্পানি, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার এবং বিভিন্ন ধরনের বন্ডের দাম বাড়লে বাজার মূলধনও বাড়ে।
মূল্যসূচকের পাশাপাশি লেনদেনে গতি থাকায় বাজারের বর্তমান অবস্থাকে ভালোই মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, কিছু বাজে কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যহ্রাসের ঘটনা বাদে বাজারে একধরনের গতি রয়েছে, যা বিনিয়োগকারীদের বাজার সম্পর্কে আগ্রহী করে তুলছে।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, বাজারে লেনদেনে গতি রয়েছে। এটা বাজারের জন্য ইতিবাচক দিক। এ ছাড়া সূচক কখনো বাড়বে কখনো কমবে—এটাই বাজারের স্বাভাবিক নিয়ম। তবে কিছু দুর্বল কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যহ্রাসের ঘটানোও ঘটছে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে। বাজে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে দ্রুত লাভের সম্ভাবনা যেমন থাকে, ক্ষতির আশঙ্কা থাকে তার চেয়ে অনেক বেশি।
আগের দিনের মতো গতকালও ঢাকার বাজারে লেনদেনে আধিপত্য বজায় ছিল ব্যাংক খাতের। মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের হিসাব অনুযায়ী, ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ২৯ শতাংশই ছিল ব্যাংক খাতের। ব্যাংক খাতের মধ্যে লেনদেনে শীর্ষে ছিল দেশীয় মালিকানাধীন দি সিটি ব্যাংক। এদিন ডিএসইতে ব্যাংকটির প্রায় ৩০ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ২৮টিরই দাম বেড়েছে। কমেছে একটির আর অপরিবর্তিত ছিল একটির।
মূল্যবৃদ্ধিতে শীর্ষে ছিল রূপালী ব্যাংক। এদিন ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৩ টাকা বা প্রায় পৌনে ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৮ টাকা ৭০ পয়সায়। গতকাল দিন শেষে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ৪টিই ছিল ব্যাংক। রূপালী ব্যাংক ছাড়া অন্য তিনটি ব্যাংক হলো এবি, আইএফআইসি এবং সোস্যাল ইসলামী ব্যাংক।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে প্রায় ১ হাজার ২৩৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি। আগের দিনের মতো গতকালও ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির প্রায় শত কোটি টাকার লেনদেন হয়। এর মধ্যে এককভাবে সর্বোচ্চ প্রায় ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। মঙ্গলবারও ব্লক মার্কেটে সোস্যাল ইসলামী ব্যাংকের ৫১ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। এ নিয়ে গত দুই দিনে একটি ব্লক মার্কেটেই ব্যাংকটির ৯২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছে।
এ ছাড়া ব্লক মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক খাতের অপর কোম্পানি ব্র্যাক ব্যাংক। গতকাল ব্লক মার্কেটে ব্যাংকটির প্রায় ২৮ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। মঙ্গলবারও একই মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৪১ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়েছিল।
সাধারণ বাজারের চেয়ে ব্লক মার্কেটের তফাত হলো, ব্লক মার্কেটে আগে থেকেই ক্রেতা-বিক্রেতা ঠিক করা থাকে। এমনকি ক্রেতা-বিক্রেতা মিলে শেয়ারের দামও আগে থেকে ঠিক করে নেন। মূল বাজারে বিক্রি করা হলে সাধারণ বিনিয়োগকারীদের হাতে শেয়ার চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজেদের মধ্যে হাতবদলের নিশ্চয়তা বিধান করতেই ক্রেতা-বিক্রেতা মিলে ব্লক মার্কেটকে বেছে নেন।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে। এদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি।