ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে
সপ্তাহের ব্যবধানে সূচক ও লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। চলতি সপ্তাহে গত সপ্তাহের চেয়ে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। এ ছাড়া গত সপ্তাহের তুলনায় লেনদেন বেড়েছে ৩৪৬ কোটি। চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ২৬৯ কোটি টাকা, গত সপ্তাহে যা ছিল ৪ হাজার ৯২৩ কোটি টাকা।
সপ্তাহের ব্যবধানে সূচক বাড়লেও আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১৩ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮২৫ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১ হাজার ১১ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৯৬টির, অপরিবর্তিত আছে ৩২টির দর। গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ২৩ পয়েন্ট। মোট লেনদেন হয় হাজার কোটি টাকা।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাই কিছুটা মূল্য সংশোধন হচ্ছে।
আজ লেনদেনের শীর্ষে রয়েছে যে ১০ কোম্পানি, সেগুলো হলো এসএস স্টিল, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স, অ্যাকটিভ ফাইন্যান্স, জেএমআই সিরিঞ্জেস, সন্ধানী ইনস্যুরেন্স, ফাসফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ব্র্যাক ব্যাংক লিমিটেড ও অলিম্পিক।
দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি আছে, সেগুলো হলো বে লিজিং, সোনার বাংলা ইনস্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, সন্ধানী ইনস্যুরেন্স, ইস্টার্ন ইনস্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, ফেডারেল ইনস্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইন্যান্স ও কর্ণফুলী।
দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি আছে, সেগুলো হলো ইমাম বাটন, সাভার রিফ্যাক্টরিজ, মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, শ্যামপুর সুগার মিলস, ফিনিক্স ইনস্যুরেন্স, তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড ও বিচ হ্যাচারি।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৫৮ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।