ডিএসইতে সূচক কমেছে ১০৯ পয়েন্ট, সিএসইতে ৩১৯
সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় আজ রোববার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক দশমিক ২ শতাংশের বেশি কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২ শতাংশ। সেই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।
আজ ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড খাত সূচক কমার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধান এই খাতগুলোর প্রায় সব কোম্পানিরই শেয়ারের দাম কমেছে। তবে অন্য খাতগুলোতে কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা যায়।
ডিএসইতে সূচক কমেছে ১০৯ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৭৬ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতির মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক বাড়ে ২৬ পয়েন্ট। তবে ঊর্ধ্বগতির এই প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাঁচ মিনিট পর থেকে নিম্নগতি শুরু হয় সূচকে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
আজ ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৩টির দাম কমেছে। বেড়েছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১২৭ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ৮১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ৩১৯ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৯০ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৫টিরই দাম কমেছে। বেড়েছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চেয়ে ১১ কোটি টাকা কম। আগের দিন বৃহস্পতিবার সিএসইতে ৫৬ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে যমুনা অয়েল
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে যমুনা অয়েল। আজ প্রতিষ্ঠানটির ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, এমজেএল বিডি, গ্রামীণফোন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, ডেসকো, বেক্সিমকো, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।