ডিএসইতে সূচক কমেছে ১৮ পয়েন্ট, সিএসইতে ৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নগতিতে আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিম্নমুখী এই প্রবণতা। সূচকের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসইতে ৬২৭ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৯৮ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সূচক গতকাল সোমবারের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক কমেছিল ৪৬ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৫টির দাম বেড়েছে। কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৪ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৫১ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৩৪ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টির দাম বেড়েছে, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আজ সিএসইতে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। আজ প্রতিষ্ঠানটির ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস, ডেসকো, কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, ফার্মা এইড প্রভৃতি।