ডিএসইতে সূচক কমেছে ২২ পয়েন্ট, সিএসইতে ৪২
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।
ডিএসইতে ৬৪২ কোটি টাকার লেনদেন
লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৫৫৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়। এরপর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টির দাম বেড়েছে, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ প্রতিষ্ঠানটির ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিল, বিএসসিসিএল, তিতাস গ্যাস প্রভৃতি।
সিএসইতে ৪৯ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৫২টির দাম বেড়েছে, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।