ডিএসইতে সূচক কমেছে ৪০ পয়েন্ট, সিএসইতে ৯৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে নিম্নগতিতে আজ সোমবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। গতকাল রোববারের ধারাবাহিকতায় আজও দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে ৬৮০ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০৬৫ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতিতে ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

আজ ডিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টির দাম বেড়েছে। কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬৮০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৫২ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৫৪ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬১৬ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আজ প্রতিষ্ঠানটির ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কেয়া কসমেটিকস, কেপিসিএল, গ্রামীণফোন, সামিট পাওয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, সাইফ পাওয়ারটেক, কেপিপিএল, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এমজেএল বিডি প্রভৃতি।