ডিএসইতে সূচক কমেছে ৪২ পয়েন্ট, সিএসইতে ১৩৫
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। আগের দিনের ধারাবাহিকতায় আজও দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের নিম্নমুখী এই প্রবণতা। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে ৫২৯ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ১১১ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮২টির দাম বেড়েছে, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৪৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার এ বাজারে ৫৭২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে ৩৮ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৮০ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৬টির দাম বেড়েছে, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চেয়ে ১২ কোটি টাকা কম। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সিএসইতে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ প্রতিষ্ঠানটির ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, এসিআই ফর্মুলেশন, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল প্রভৃতি।