ডিএসইতে সূচক নেমে এসেছে ৪৬০০ পয়েন্টের নিচে
দরপতনের ধারাবাহিকতায় আজও অব্যাহত আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচক কমার পাশাপাশি দুই পুঁজিবাজারেই গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১২ দশমিক ৯১ পয়েন্ট কমে হয়েছে ৪৫৯২ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩১ দশমিক ১৪ পয়েন্ট কমে হয় ৪৬০৫ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৩৮৯ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৬৮ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৫৭ কোটি ১৬ লাখ টাকা।
গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজও ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি হলো ডরিন পাওয়ার। এ ছাড়া লেনদেনের শীর্ষে আরও আছে মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, অ্যারগন ডেনিম লিমিটেড, স্কয়ার ফার্মা, ফরচুন, বিডি থাই, শাশা ডেনিমস, তিতাস গ্যাস, অ্যাপোলো ইস্পাত ও ন্যাশনাল টিউবস। ডিএসইতে আজ ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬১টির। অপরিবর্তিত ৩৮টির দাম।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক কমেছে ১২ দশমিক ০৮ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৬ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা। আজ হাতবদল হওয়া ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১০৮টির, অপরিবর্তিত ২৬টির।