ডিএসইতে সূচক বেড়েছে, লেনদেন ৫০০ কোটি টাকার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিন সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দৈনন্দিন লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইতে। অপরদিকে সিএসইতে বেশ বড় ধরনের দর বৃদ্ধির পাশাপাশি গতকালের চেয়ে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৪৬৭২ পয়েন্টে। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৩৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে হয় ৪৬৩৩ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৫০৩ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৫৭ কোটি টাকা।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বিবিএস, ডরিন পাওয়ার, তিতাস গ্যাস, শাশা ডেনিমস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ফার্স্ট ইসলামী ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড ও অ্যাপেক্স ফুটওয়্যার। ডিএসইতে আজ ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৬টির। অপরিবর্তিত ৪৪টির দাম।

চলতি সপ্তাহে ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৬ পয়েন্ট। এ সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২১৪২ কোটি টাকা, যা গত সপ্তাহের চেয়ে ৮৭৪ কোটি টাকা কম। গত সপ্তাহে মোট লেনদেন হয় ৩০১৬ কোটি টাকা।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ১১৫ দশমিক ৯৪ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ টাকা, যা গতকালের চেয়ে ২ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৫৪ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৬৬টির, অপরিবর্তিত ৪১টির।