ডিএসইতে সূচক বেড়েছে ৭২ পয়েন্ট, সিএসইতে ২৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। গতকাল রোববারের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবারও দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। সেই সঙ্গে লেনদেনও বেড়েছে দুই বাজারে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৬৮ শতাংশ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। অন্যসূচকগুলোও ছিল ঊর্ধ্বমুখী অবস্থানে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৯ পয়েন্টে। এ নিয়ে টানা পাঁচ কর্মদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় রইল সূচক। গতকাল ডিএসইএক্স বেড়েছিল ১৫৫ পয়েন্ট।
অপর স্টক এক্সচেঞ্জে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪২০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৮ টিরই দাম বেড়েছে। কমেছে ৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৫৯৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিন রোববারের চেয়ে ৭৫ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে ৫২১ কোটি টাকার লেনদেন হয়।

অন্যদিকে সিএসইতে আজ ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১ টিরই দাম বেড়েছে। কমেছে ৬৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। আজ প্রতিষ্ঠানটির ৪৬ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইফাদ অটোস, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এমজেএল বিডি, বেক্সিমকো, কেপিসিএল, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসিআই ফর্মুলেশন, আরএকে সিরামিকস, অগ্নি সিস্টেমস প্রভৃতি।