টানা পাঁচ দিনের মতো সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসইতে আজ বুধবার আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে। এদিকে আগামীকাল জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় লেনদেন বন্ধ থাকবে দুই পুঁজিবাজারে। সেই হিসেবে আজ পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস ছিল।
ডিএসইতে আজ লেনদেনের শুরু থেকেই ধীর গতি ছিল। দিন শেষে ডিএসইএক্স সূচক ৯ দশমিক ৪১ পয়েন্ট কমে হয় ৪৫৫৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ৪৯৬ কোটি ১২ লাখ টাকা। গতকাল ডিএসইএক্স সূচক ১৪ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৪৫৬৩ পয়েন্টে। মোট লেনদেন হয় ৫৮৯ কোটি ৪০ লাখ টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, সর্বোচ্চ লেনদেনে থাকা শেয়ারগুলো দেখলে বোঝা যায় সূচক কমলেও বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে। বর্তমান বাজারে লেনদেনের গতি কিছুটা ভালো। আজ লেনদেন গতকালের চেয়ে কমলেও বেশ কয়েক দিনের ধারাবাহিকতা বজায় আছে। বলা যায় বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছেন।
চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে ডিএসইএক্স সূচক কমেছে ৩১ পয়েন্ট। তবে সূচক কমলেও আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ২২৮ কোটি টাকা। এই সপ্তাহে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২ কোটি টাকা। গেল সপ্তাহে যা ছিল ১ হাজার ৭৭৪ কোটি টাকা। গত সপ্তাহেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ছুটি থাকায় চার কার্যদিবস লেনদেন হয় ডিএসইতে।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেলটা লাইফ ইনস্যুরেন্স, এপেক্স ট্যানারি, এটলাস বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
আজ ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৬টির। অপরিবর্তিত ৬৯টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে শূন্য দশমিক ২৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৩০ লাখ টাকা। গেল কার্যদিবসে মোট লেনদেন হয় ২৪ কোটি ১৩ লাখ টাকা। হাতবদল হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১০৫টির, অপরিবর্তিত আছে ৪৬টির দর।