ডিএসইতে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা (অটোমেটেড ট্রেডিং সিস্টেম) চালু হয়েছে। নতুন এই ব্যবস্থা সম্পর্কে বিনিয়োগকারীরা পুরোপুরি বুঝে উঠতে না পারায় লেনদেনে তার নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে ডিএসইতে প্রায় ১৪ মাসের মধ্যে আজ সর্বনিম্ন লেনদেন হয়েছে।

বিনিয়োগকারীরা বলছেন, নতুন এ সফটওয়্যার চালুর ফলে তাঁদের বেশ সমস্যায় পড়তে হয়েছে। এ কারণে অনেকে বড় ধরনের লেনদেন থেকে বিরত ছিলেন। আর তাই লেনদেন কম হয়েছে। তবে ডিএসই কর্তৃপক্ষ বলছে, এটা সাময়িক সমস্যা। বিনিয়োগকারীরা পুরোপুরি অভ্যস্ত না হওয়ায় নতুন সফটওয়্যারে কিছু সমস্যায় পড়তে হয়েছে তাঁদের।

এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা প্রথম আলোকে বলেন, বিনিয়োগকারীরা একটি সফটওয়্যারে অভ্যস্ত ছিলেন। নতুন সফটওয়্যার চালুর ফলে তাঁদের কিছুটা সমস্যা হয়েছে। এটা একেবারেই সাময়িক। বিনিয়োগকারীরা অভ্যস্ত হলে দ্রুত এ সমস্যা কেটে যাবে বলে আশা করেন তিনি।
স্বপন কুমার আরও বলেন, ‘ডিএসইর সদস্য ২৩২টি ব্রোকারেজ হাউস নতুন এই ব্যবস্থায় লগইন করেছে এবং লেনদেনও করেছে। তাদের যে প্রথম দিনেই নতুন একটা ব্যবস্থায় আনতে পেরেছি, এটাই আমাদের সফলতা।’ নতুন সফটওয়্যারে কারিগরি কোনো ত্রুটি নেই বলেও দাবি করেন তিনি।

নতুন সফটওয়্যার উদ্বোধন: সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে ডিএসইর নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার (অটোমেটেড ট্রেডিং সিস্টেম) আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. খায়রুল হোসেন, ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, নাসডাকের ব্যবস্থাপনা পরিচালক রবার্ট ফ্রিজ, ফ্লেক্সট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাঁ মাইকেল বাঙ্কো প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, দেশে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ তৈরি করতে কাজ করছে সরকার। সরকার ব্যবসায়ীদের ওপর অযাচিত হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি।
এম এ মান্নান আরও বলেন, ‘আজ ডিএসই নতুন যুগে প্রবেশ করল। নতুন এই সফটওয়্যার চালুর ফলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।’

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, ‘আমরা শেয়ারবাজারের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এর মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় আইন সংশোধন, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা, প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা। এ ছাড়া বাজারে কারসাজি রোধে আধুনিক প্রযুক্তির সার্ভিলেন্স সফটওয়্যার ব্যবহার করছি। ডিএসইতে নতুন সফটওয়্যার চালুর মাধ্যমে লেনদেন আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে বলেও আশা করেন তিনি।’

বাজার বিশ্লেষণ: ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ১৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৮৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪২১ কোটি টাকার লেনদেন হয়। এ দিকে ডিএসইর আজকের লেনদেন প্রায় ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ২০ অক্টোবর ডিএসইতে ১১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯৩৩ পয়েন্টে। ডিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এ দিকে আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কাশেম ড্রাইসেল, গ্রামীণফোন, বিডি থাই, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং, হামিদ ফেব্রিকস প্রভৃতি।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫,১৮০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির দাম বেড়েছে। কমেছে ১৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।