ডিএসইতে ৫০০ কোটি টাকার লেনদেন
টানা আট কার্যদিবস পর আজ বৃহস্পতিবার ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। একই সঙ্গে আজ আগের দিনের তুলনায় সূচকও বেড়েছে।
আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে ৪৫৭৪ পয়েন্টে দাঁড়ায়। তবে গত সপ্তাহের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ছিল ৪৫৭৭ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সূচক ৩ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হয় ৫০০ কোটি ৯৪ লাখ টাকা। গত সপ্তাহে শুধু রোববার ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়। পরিমাণ ছিল ৫০২ কোটি ৯৫ লাখ টাকা।
গত সপ্তাহে মোট লেনদেন হয় ২ হাজার ২১৩ কোটি টাকার। এ সপ্তাহে তা বেড়েছে প্রায় ১০৪ কোটি টাকা।
ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সিঙ্গার বিডি, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, ইফাদ অটো, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ শিপিং করপোরেশন, একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
ডিএসইতে আজ ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৪টির। অপরিবর্তিত আছে ৪২টির।