ডিএসইতে ৬০০ কোটি টাকার লেনদেন
প্রথম আড়াই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৬০০ কোটি টাকা লেনদেন হয়েছে। গতকাল ঢাকার বাজারে প্রায় এক হাজার ৯৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। সেখানে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০০ কোটি টাকার লেনদেন হয়েছে। আরও দেড় ঘণ্টার লেনদেন বাকি।
সূচকের ঊর্ধ্বগতি দিয়েই আজ সকাল সাড়ে ১০টায় শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। বেলা একটা পর্যন্ত সূচকের এ গতি অব্যাহত ছিল।
দিনের শুরু থেকে ব্যাংক খাতসহ সূচকে বড় ধরনের প্রভাব ফেলে—এমন কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। এর প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেলা একটায় ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৪০ পয়েন্টে। এর আগে গত সোম ও মঙ্গলবার ঢাকার বাজারে সূচক কমেছিল।
আজ লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে মবিল যমুনা লুব্রিকেন্টস, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, গ্রামীণফোন ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স। এর মধ্যে মবিল যমুনা বাদে বাকি চারটি কোম্পানিই ব্লু চিপস বা ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৯১টির, অপরিবর্তিত ছিল ২৫টির দাম।