ডিএসইতে ৭০০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগ
সদ্য বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় সাত হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে। ২০১৩-১৪ অর্থবছরে দেশের প্রধান শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ এসেছিল প্রায় ৫ হাজার ৯০ কোটি টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে মোট বিদেশি বিনিয়োগ বাড়লেও বছর শেষে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ আগের বছরের চেয়ে কমে গেছে।
ডিএসই জানিয়েছে, সদ্য বিদায়ী অর্থবছরে আগের অর্থবছরের চেয়ে প্রায় ১ হাজার ৯১০ কোটি টাকার বেশি বিদেশি বিনিয়োগ বেড়েছে। ২০১৪-১৫ অর্থবছরে যে বিদেশি বিনিয়োগ এসেছে, তার মধ্যে শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ১৪৬ কোটি টাকা। আর একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ২ হাজার ৮৪৬ কোটি টাকা।
ক্রয়-বিক্রয়ের হিসাবে বছর শেষে প্রকৃত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার ৪৯৪ কোটি টাকা। সেই হিসাবে মোট বিদেশি বিনিয়োগ ২০১৪-১৫ অর্থবছরে বাড়লেও প্রকৃত বিদেশি বিনিয়োগ কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০১৩-১৪ অর্থবছরে ৫ হাজার ৯০ কোটি টাকার বিদেশি বিনিয়োগের মধ্যে শেয়ার ক্রয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৭৯২ কোটি টাকা। আর বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ২৯৮ কোটি টাকা। ওই বছর শেষে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৪৯৪ কোটি টাকা।
এদিকে টানা তিন দিনের দরপতনের পর গতকাল মঙ্গলবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দিন শেষে ১০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৪২ পয়েন্টে।
ঢাকার বাজারে গতকাল ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৮৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি টাকা বেশি।
সিএসইতে গতকাল ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি।